নিজেস্ব প্রতিনিধি:
চাঁদা দাবির পর না পেয়ে সড়কের কাজ বন্ধ করে দিয়ে ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের উপর মারপিটের অভিযোগ উঠেছে বিএনপির ইউনিয়ন পর্যায়ের কিছু নেতাদের বিরুদ্ধে।
এ ঘটনার জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে।
দুপুরে জেলা সদরের শিবগঞ্জের রসুলপুর শারালী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (৯ মার্চ) সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০ জনের নামে একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির কার্য সহকারী রেজওয়ানুল হক।
আসামিরা হলেন, জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শারালী এলাকার মৃত আকিম উদ্দিনের ছেলে আলম (৫০), জলিলের ছেলে আবু হোসেন (৫০), জামালপুর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মৃত আকিম উদ্দিনের ছেলে মতিউর (৩৫) ও আলমের ছেলে আরিফ (২৫)।
মামলার বিবরণ থেকে জানা গেছে,গত শনিবার দুপুরে ওজওউচ-৩ প্রকল্পের আওতায় জেলা সদরে রসুলপুর থেকে শিবগঞ্জ শারালী সরকারি প্রাইমারী বিদ্যালয় সংলগ্ন একটি সড়কের কার্পেটিং কাজ করছিলো শ্রমিকরা। এ সময় ওই এলাকার আলম, আবু হোসেন মতিউর ও আরিফসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের একটি দল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) কার্য সহকারী রেজওয়ানুল হকের পথরোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় সড়কের কার্পেটিং কাজ বন্ধ করে দেয় তারা। এসময় কথাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে। এতে রেজওয়ানুল হক গুরুতর আহত হয়।
খবর পেয়ে এলজিইডির সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ, উপ সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে গেলে তাদের উপরেও হামলা করে। পরে তারাও আহত হলে জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, কাজ করতে গিয়ে কর্মকর্তা কর্মচারিরা যদি মারধরের শিকার হয়। তাহলে কাজ করবে কিভাবে। জীবনের নিরাপত্তা কে দিবে। মামলা হলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তাই কর্মবিরতি পালন করছে সবাই। আসামীরা গ্রেফতার হলে আতঙ্ক কাটবে। কাজে ফিরবে সবাই।
আর এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান,মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলমান আছে।
অভিযুক্ত ব্যক্তিদের ফোন করা হলে তারা কেউ ফোন রিসিভি করেন নি।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞