আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়া মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার ( ২৬ মার্চ) দুপুরে রুহিয়া দ্বীপশিখা বিদ্যালয় এলাকায় অরক্ষিত রেল লাইনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া দ্বীপশিখা বিদ্যালয় এলাকায় পৌঁছালে অরক্ষিত রেল লাইন পারাপারের সময় মোটরসাইকেল ও ট্রেনের সংঘর্ষ হয়।
মোটরসাইকেলের দুই আরোহীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক, বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া এলাকার ইমরুল ইসলামের ছেলে মানিক ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে, আশঙ্কা জনক অবস্থায় আহত রবিউল ইসলাম আজিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
রবিউল ইসলাম আজি একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত একজন মারা গেছেন। আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের আহত ওই দুই ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাং-২৬-০৩-২০২৫ ইং


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞