শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা
![]() |
| ছবি একুশে ট্রিবিউন |
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়া,প্রত্যন্ত এ গ্রামেই নির্মাণকাজ চলছে বোতলের নজরকাড়া বাড়ি।
ইট-পাথর কিংবা রড সিমেন্ট এসব দিয়েই তৈরি হয় বাড়ি। কিন্তু বাড়ি নির্মাণে এসবের কিছুই লাগেনি সৌখিন অটো চালক হাকিমের। গত এক মাস ধরে পরিত্যক্ত বোতল ব্যবহার করে নির্মাণ করছেন এই শখের বাড়ি।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের রঙ-বেরঙের পরিত্যক্ত বোতল। আর সেই বোতল দিয়ে তিন কক্ষবিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন অটো চালক আব্দুল হাকিম।
শুরুর দিকে বাড়িটি নির্মাণ করার সময় নানা কটু কথা শুনতে হয় আব্দুল হাকিমকে। প্রতিবেশিরা তাঁকে পাগল বললেও দমে জাননি সৌখিন এই ব্যক্তি।
তার সহধর্মিণী আনচুমারা বেগমের সহযোগিতায় এমন চিন্তার বাস্তবায়ন করছেন হাকিম। একমাস ধরে শ্রমিকের সাথে নিজেই কাজ করছেন সৌখিন বাড়ি নির্মাণে। বোতলের তৈরি বাড়িটির সৌন্দর্য দেখে সেই প্রতিবেশীরাই এখন প্রশংসা করছেন হাকিমের।
ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এরই মধ্যে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এমন ব্যতিক্রমী বাড়ি তৈরি করে সাড়া ফেলেছেন তিনি।
নির্মাণাধীন বাড়িটি এক নজর দেখতে ভীর করছেন অনেকে।ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি।
শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি-তামাসা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী। অনেকেই বলছেন হাকিমের সৌখিন বাড়িটি আমাদের এলাকার অনেকের জন্য গর্বের। বোতল দিয়েও যে এমন দালান তৈরি করা যায় তা আমরা জানতাম না। পুরো বাড়ি নির্মাণ শেষ হলে এর সৌন্দর্য দেখে অনেকেই আগ্রহী হবেন বলে মনে করছেন তারা।
আব্দুল হাকিম বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ব্যতিক্রম কিছু করার। আমি ইউটিউবে দেখেছি বোতলের বাড়ি। তাই আমি বিভিন্ন ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত বিভিন্ন বোতল সংগ্রহ করি। এরপর সিমেন্ট ও বালু সংগ্রহ করে কাজ শুরু করি।
প্রথমে অনেকে আমাকে পাগল বলত। কিন্তু যখন বাড়ি নির্মাণ শুরু করলাম তখন সবাই বেশ খুশি। প্রতিদিনই বাড়িটি দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক লোক আসেন। আমারও ভালো লাগে। আশা করছি, বাড়িটি সম্পূর্ণ নির্মাণ হলে দেখতে সুন্দর লাগবে। টেকসই ও মজবুত হবে। ইটের চাইতে এই বাড়ি নির্মাণে ব্যয় কিছুটা কম হবে।
নির্মাণ রাজমিস্ত্রী বাদশা মিয়া বলেন, আমি ইউটিউব দেখে আমার নিজের বাড়ি লালমনিরহাটে বোতলের বাড়ি করি। পরে এখানে আমাকে বোতলের বাড়ি করার জন্য ডাকে। এখানে এসে বাড়ি করছি। আশা করছি ইটের চাইতে বোতলের বাড়ি মজবুত ও টেকসই হবে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞