মোঃ জাহঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
গত ১৯ জানুয়ারি মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে রংপুর মেডিকেল কলেজে মেধা তালিকায় ৮৫৬তম স্থান সহ ভর্তির সুযোগ পেয়েছে শ্রাবনী রানী। খবর পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি)
বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রাবনী রানী'র বাড়িতে এসে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ঢোলারহাট ইউনিয়ন আ'লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন সহ স্থানীয় এলাকাবাসি। শ্রাবনী ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের শ্যামল চন্দ্র বর্মনের মেয়ে।
বাবা জীবিকার তাগিদে ঝালাইয়ের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করেন। ছেলে সন্তান না থাকায় তিনি তিন মেয়ে নিয়ে দেখছেন স্বপ্ন। বড় মেয়ে নার্সিং ইন্সটিটিউটে পড়াশোনা করছেন। ২য় মেয়ে শ্রাবনী রানী এবার রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে পরিবারে আনন্দ ছড়িয়ে পড়লেও দারিদ্রতার কারণে মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সমস্ত পরিবার। মেধাবী শিক্ষার্থী শ্রাবনী রানী জানান,
ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণের জন্য এবং স্কুল কলেজের শিক্ষকদের অনুপ্রেরণায় কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এবার রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, মেডিকেলে ভর্তির জন্য খাওয়া গোসল ছাড়া বাকি সময় আমি পড়াশোনার মধ্যে ছিলাম। খারাপ কোন কিছুর দিকে কখনো মনযোগ দেয়নি।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, এবার ঠাকুরগাঁও জেলায় যেসব মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে আমি তাদের অভিনন্দন জানাই। মেধাবী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনের প্রচুর সুযোগ
রয়েছে। আমি এখানে যোগদান করার পর প্রচুর দরিদ্র শিক্ষার্থীকে সহযোগিতা করেছি। যে মেয়েটি মেডিকেলে চান্স পেয়েছে সে যেন পড়ালেখা চালিয়ে যেতে পারে তাকে আমি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞