স্টাফ রিপোর্টার :
ভাষা বীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে
ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজ। দিবসটি উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ
ও শিশির ভেজা ভোরে খালি পায়ে প্রভাতফেরির আয়োজন করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ কালজয়ী গানে প্রাণের সুর ছড়িয়ে চলা প্রভাতফেরিটি প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে শুরু করে থানা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া ডিগ্রি কলেজের মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ অশ্বিনী কুমার বর্মনের নেতৃত্বে সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিনের অন্যান্য বিশেষ আয়োজনের মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের চেতনা বিষয়ক প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞