হরিপুরে মসজিদ নিয়ে কটূক্তি, বিএনপি নেতা বহিষ্কার

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি :





ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তি করে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দেওয়ায় বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিককে বহিষ্কার করেছে জেলা বিএনপি।


স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় চৌরঙ্গী হাই স্কুল মাঠে। আসর ও মাগরিবের নামাজের সময় সভা বন্ধ থাকলেও ইশার আজানের সময় সভা চলতে থাকে। এসময় স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়, যা নিয়ে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।


পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে যুবক খালিদ হাসান ফেসবুকে প্রতিবাদ জানালে, তার পোস্টে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন—“জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।”


মানিকের এই মন্তব্যের পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন বলেন, “মসজিদের সালাত যথাসময়েই আদায় হয়। মসজিদ ও মুসল্লিদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”


এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী হাসান এলাকাবাসীকে শান্ত করেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আজ (১ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.